অবৈধ সম্পদ অর্জনের মামলায় কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামি ৪ মে দিন ধার্য করেছেন আদালত।
বুধবার দুদকের এডিশনাল এসপি রফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণ শেষে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদার পরবর্তী সাক্ষ্যের জন্য এই দিন রাখেন।
মামলাটিতে গত বছর ৯ সেপ্টেম্বর বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এ পর্যন্ত ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। সাক্ষ্য গ্রহণকালে আসামি বদি আদালতে উপস্থিত ছিলেন।
মামলায় অভিযোগ করা হয়, ২০১৪ সালের ২১ আগস্ট এমপি বদির বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুস সোবহানের দায়ের করা ওই মামলায় নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার বাইরে ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা অবৈধ সম্পদ থাকা, সম্পদ ৩৫১ গুণ বৃদ্ধি পাওয়ার অভিযোগ করা হয়।
পাঁচ বছরে তার আয় ৩৬ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার ৪০ টাকা বৃদ্ধি পায়। হলফনামা অনুসারে তার বার্ষিক আয় ছিল ৭ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার ৮০৮ টাকা। আর বার্ষিক ব্যয় ছিল ২ কোটি ৮১ লাখ ২৯ হাজার ৯২৮ টাকা।
গত বছর ৭ মে দুদকের উপ-পরিচালক মঞ্জিল মোর্শেদ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এম আর





