স্বামীর যৌতুক মামলায় স্ত্রীকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ সালাম মামলাটির চার্জ গঠন করে এ আদেশ দেন। এ সময় আসামি মাহমুদা আক্তার ঊর্মি (২০) অনুপস্থিতি ছিলো।
বাদীর আইনজীবী মাহবুব হাসান রানা সাংবাদিকদের জানান,মামলাটিতে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। কিন্তু আসামি ঊর্মি আদালতে হাজির হয়নি।
গত বছরের ১ জুলাই ঢাকার এ আদালতে শামসুর রহমান স্ত্রী ঊর্মি ও তার বাবা-মার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
এ দম্পতির গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের রসুলপুরে। ২০১১ সালে তাদের বিয়ে হয়। রাজধানীর ওয়ারিতে তারা বসবাস করতেন।
মামলা দায়েরের পর তৎকালীন বিচারক শাহরিয়ার মাহমুদ আদনান বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য ওয়ারি থানার ওসিকে নির্দেশ দেন। ওয়ারি থানার এসআই মো. মাহফুজার রহমান ১২ অগাস্ট আদালতে প্রতিবেদন পাঠান।
তদন্ত কর্মকর্তা ঊর্মি বা তার বাবা-মা শামসুরের কাছে কোনো যৌতুক দাবি করেননি বলে প্রতিবেদনে উল্লেখ করেন। এর পর গত ১০ নভেম্বর শামসুর এ প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি জানান। পরে বিচারক বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।
গত ২ ডিসেম্বর মামলাটি আমলে নিয়ে শামসুরের শ্বশুর ও শাশুড়িকে বাদ দিয়ে শুধু তার স্ত্রী ঊর্মির বিরুদ্ধে সমন পাঠানোর আদেশ দেন বিচারক।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]