চট্টগ্রাম নগরীর চান্দগাঁও বাহির সিগন্যাল এলাকায় একটি হিউম্যান হল্যার নিয়ন্ত্রণ হারিয়ে চালক শিমুল বড়ুয়া (৩৫) নিহত হয়েছেন। নিহত শিমুল রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের অনিল বড়ুয়ার ছেলে।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন জানান, গ্যাস নেওয়ার জন্য বাহির সিগন্যাল এলাকার সামান্তা ফিলিং স্টেশনে প্রবেশের সময় গাড়িটি ব্রেকফেল করে।
এসময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ফিলিং স্টেশনটির ভেতর ঢুকে একটি বুথের সঙ্গে ধাক্কা লাগলে চালক গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসআর