[b]ঢাকা : [/b]তথ্য প্রযুক্তি আইনের মামলায় ইনকিলাবের সাংবাদিক আহমেদ আতিককে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার বেলা ১১টার দিকে ঢাকা মহানগর হাকিম এস এম আশিকুর রহমান এ আদেশ দেন।
এর আগে আহমেদ আতিককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
অন্যদিকে পত্রিকাটির বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি, সিনিয়র রিপোর্টার রফিক মুহাম্মদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
তিন সাংবাদিকের পক্ষে আদালতে শুনানি করেন সৈয়দ আহমেদ গাজী।
গত শুক্রবার পত্রিকাটির অপরাধ বিষয়ক রিপোর্টার আহমেদ আতিককে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়েছিল। তবে কেস ডকেট (সিডি) না থাকায় সোমবার রিমান্ড শুনানির জন্য তারিখ নির্ধারণ করেন আদালত।
রাজধানীর ওয়ারী থানায় তথ্য প্রযুক্তি আইনে (আইসিটি এ্যাক্ট) একটি মামলায় তাদের গত বৃহস্পতিবার  গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দৈনিক ইনকিলাবে ‘সাতক্ষীরায় যৌথবাহিনীর অপারেশনে ভারতীয় বাহিনীর সহায়তা!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের প্রেক্ষিতেই মামলাটি দায়ের করা হয়।