রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে অজ্ঞানপার্টি ও মলমপার্টির ৩ সদস্যকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। এঘটনায় অভিযান চালিয়ে ৪ টি চোরাই সিএনজি উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রমনা জোনের ডিসি মো. আব্দুল বাতেন পিপিএম।
তিনি বলেন, রোববার রাত সোয়া আটটার দিকে ধানমন্ডি এলাকার রাপা প্লাজার সামনে থেকে এক সিএনজি চালকের কাছে যাত্রী পরিচয় দিয়ে উঠে পড়ে। পরে রাস্তায় মলম লাগিয়ে দিয়ে চালককে অজ্ঞান করে সিএনজি নিয়ে পালিয়ে যান তারা।
এ খবরে তাৎক্ষণিকভাবে অভিযানে নেমে ধানমন্ডির সাত মসজিদ সংলগ্ন এলাকা থেকে নূর আলম নামে একজনকে আটক করা হয়। এরপর নূর আলমের দেয়া তথ্যানুযায়ী ধামরাই এলাকায় অভিযান চালিয়ে আলমাস ও সুরুজ মিয়া নামে আরও দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চোরাই করা ৪টি সিএনজি উদ্ধার করা হয়।
রমনার ডিসি আ: বাতেন আরও জানান, ঈদ ও পূজাকে উপলক্ষ্য করে যারা এ ধরণের অপ-তৎপরতাকারী চক্র সক্রিয়। নগরবাসীকে নির্বিঘ্নে রাখতে এ ধরণের ঘটনা বন্ধে জড়িত সিন্ডিকেট সদস্যদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলে জানানা তিনি।
এসময় সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রমনা জোন পুলিশের এডিসি মন্জুর রহমান পিপিএম, এডিসি মো: আনোয়ার হোসেন ও ধানমন্ডি থানার ওসি সিদ্দিকুর রহমান।
ঢাকা, জেইউ, ২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





