রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতারকৃত মহানগর জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ ১৯ নেতাকর্মীকে আদালতের নির্দেশনা অনুযায়ী জিজ্ঞাসাবাদ করবে মোহাম্মদপুর থানা পুলিশ।
শনিবার রাতেই নাশকতার অভিযোগ এনে বিশেষ ক্ষমতা আইনে মোহাম্মদপুর থানার এসআই আব্দুল জলিল বাদী হয়ে আটক জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নম্বর-১৬।
মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর তদন্ত মো. আব্দুল মতিন টাইমনিউজবিডি'কে বলেন, আটক জামায়াত নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে তাদের সিএমএম আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ ও চার দিনের রিমান্ডের আদেশ দেন।
তিনি বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী জামায়াত নেতাকর্মীদের জিজ্ঞাসাবাদ করবে মোহাম্মদপুর থানা পুলিশ। নাশকতার আশঙ্কায় তাদের গ্রেফতার করা হলেও এর পেছনে আরও কোনো উদ্দেশ্যে ছিল কিনা তা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যানুযায়ী বিভিন্ন স্থানে অভিযানও পরিচালনা করা হবে।
এর আগে গত শনিবার সন্ধ্যার দিকে জামায়াত নেতাকর্মীরা মোহাম্মাদপুর এলাকার জাকির হোসেন রোডের ডি-৩৬ নাম্বার বাসার তৃতীয় তলার একটি কক্ষে বৈঠক করছিলেন। রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করেন।
মামলার বাকি অভিযুক্তরা হলেন, জামায়াতের মোহাম্মদপুর থানা শাখার আমির জিয়াউল হাসান, ৪৪ নং ওয়ার্ড জামায়াত সভাপতি মাহবুবুর রহমান। কর্মী মনির হোসেন, ইউসুফ, ইব্রাহীম মনির, মাজহারুল ইসলাম হীরা, আবদুল হালিম, নূর আমীন, মনির হোসেন, মুশফিক, সমর্থক আব্বাস মিয়া, কামরুল হাসান, ছগীর, লোকমান হোসেন, সৈয়দ আহম্মদ আলী, ইব্রাহিম, আল-আমিন এবং মাহে আলম।
ঢাকা, জেইউ, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





