সরকারি অফিস ব্যবহার করে রমরমা মাদকব্যবসা চলছিল ওয়ারীর র‌্যাংকিন স্ট্রিটের বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর অফিসে।

মঙ্গলবার সকালে ওয়ারী থানা পুলিশ ২৬নং র‌্যাংকিন স্ট্রিটের ওয়ারী সাব-পোস্ট অফিসের নিচ তলায় অবস্থিত বিটিসিএলের অফিসে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৭৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি) যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সাব-পোস্ট অফিসের নিচ তলায় সরকারি বিটিসিএলের অফিসে চলত মাদক ব্যবসা। সরকারি অফিস বলে কেউ সন্দেহ করবে না এবং আইনশৃঙ্খলা বাহিনীও হানা দেবে না- এমনটি চিন্তা করে ইয়াবা ব্যবসার জন্য বিটিসিএলের অফিসকে বেছে নেওয়া হয়।’

ওয়ারী থানার অফিসার ইন চার্জ (ওসি) তপন চন্দ্র সাহা জানান, ওয়ারী সাব-পোস্ট অফিসের নিচ তলায় অবস্থিত বিটিসিএলের অনুঃএক্সচেঞ্জে কর্মরত মো. মোস্তফাসহ একটি মাদক ব্যবসায়ী চক্র বেশ কিছুদিন ধরে সরকারি অফিস ব্যবহার করে কৌশলে মাদকব্যবসা করে আসছে।

তিনি জানান, মাদকব্যবসায়ী চক্র সম্পর্কে ইতোমধ্যে বেশকিছু তথ্য পাওয়া গেছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ চক্রের অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

মো. আবু বক্কর সিদ্দিককে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, অনুঃএক্সচেঞ্চের দায়িত্বরত কর্মচারী মো. মোস্তফা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে।

তিনি অরও জানান, উপ-পুলিশ কমিশনার (ওয়ারী বিভাগ) সৈয়দ নুরুল ইসলাম তথ্য পান যে, ওয়ারী থানাধীন র‌্যাংকিন স্ট্রিটস্থ ওয়ারী সাব-পোস্ট অফিসের নিচ তলায় অবস্থিত বিটিসিএলের অনুঃএক্সচেঞ্জে ইয়াবার একটি বড় চালান এসেছে। কিছু সময়ের মধ্যে সেটি অন্যত্র শিফট হয়ে যাবে। পরর্বীতে তার নির্দেশনায় ও তত্ত্বাবধানে ওয়ারী থানা পুলিশ আসামিকে গ্রেফতার করে।

কেএইচ