মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেমের রিভিউ আবেদন খারিজের রায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পৌঁছেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪৮ মিনিটে রিভিউ আবেদন খারিজ সংক্রান্ত রায়ের কাগজ পৌঁছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক সাংবাদিকদের জানান, মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজের রায় ঢাকা কেন্দ্রীয় কারাগার হয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ পৌঁছেছে। নিয়ম অনুযায়ী বুধবার মীর কাসেম আলীকে তা পড়ে শোনানো হবে এবং তার কাছে জানতে চাওয়া হবে- তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না?
এর আগে মঙ্গলবার সকালে জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদন খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। রেডিওর মাধ্যমে মঙ্গলবার সকালে কাসেম আলী রিভিউ আবেদন খারিজের রায় শুনেছেন।
মীর কাসেম আলী কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি রয়েছেন। তবে তার মৃত্যুদণ্ড কেরানীগঞ্জের নতুন কারাগারে, নাকি কাশিমপুর কারাগারে কার্যকর হবে, সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।
এমএনজে





