নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পাওনা টাকা না পেয়ে শিশুকে অপহরণের একদিন পর চাঁপাইনবাবগঞ্জ থেকে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের মাঠপাড়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

ফতুল্লার বক্তাবলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই ) নাজমুল হক জানান, বক্তাবলী লক্ষীনগর এলাকার মোক্তার হোসেনের কাছে জাহাঙ্গীর নামে এক ব্যক্তি ৩৫ হাজার টাকা পেতেন।

সেই টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে জাহাঙ্গীর কৌশলে মোক্তারের বড়ভাই মতিনের মাদ্রাসাপড়ুয়া ছেলে ইয়াসিনকে (৭) বক্তাবলী হাফিজিয়া মাদ্রাসা থেকে বৃহস্পতিবার সকালে অপহরণ করে নিয়ে যায়।

পরে চাঁপাইনবাবগঞ্জ থেকে মোবাইল ফোনের মাধ্যমে মোক্তার হোসেনের কাছে জাহাঙ্গীর পাওনা টাকা দাবি করে।

এদিকে আব্দুল মতিন বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীর, ইমদাদ ও জাহানের নাম উল্লেখ করে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, ৫ লাখ টাকা মুক্তিপণের জন্য তার শিশু ছেলেকে অপহরণ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে জাহান মিয়া নামে একজনকে আটক করে। শিশুটি উদ্ধার হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) এসআর