নব্য-জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রতিষ্ঠাতা সদস্য আব্দুস সামাদ ওরফে আরিফ মামুকে আটক করেছে পুলিশ।
আজ (বৃহস্পতিবার) সকালে এক খুদে বার্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসির) পক্ষ থেকে দাবি করা হয়, নিউ-জেএমবির অন্যতম প্রতিষ্ঠাতা আবদুস সামাদ ওরফে আরিফ মামু ওরফে আশিককে আটক করা হয়েছে।
এ ছাড়া আরও দু’জনকে আটকের তথ্য দিয়ে সিটিটিসি দাবি করেছে, তাদের কাছ থেকে ১টি পিস্তল, ৫টি গুলি’সহ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তাদের গতকাল বুধবার রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে আটক করা হয়েছে।
বেলা ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার(ডিসি)মাসুদুর রহমান।
এমবি





