রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সুরাইয়া আক্তার রিশার সন্দেহভাজন খুনি ওবায়দুলকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ। এ সময়ের মধ্যে শিক্ষার্থীদের রাজপথে আন্দোলন না করারও অনুরোধ জানানো হয়েছে।

সোমবার বেলা সোয়া দুইটার দিকে শিক্ষার্থীরা জানান, আগামী ১০ ঘন্টার মধ্যে খুনি ওবায়দুলকে গ্রেফতার করতে হবে। মঙ্গলবার দুপুর ১২ পর্যন্ত আন্দোলন স্থগিত করে তারা বলেন, এ সময়ের মধ্যে খুনি গ্রেফতার না হলে ফের আন্দোলন শুরু হবে।

এর আগে সোমবার দুপুর ১২টার দিকে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা রিশার খুনীর গ্রেফতারের দাবিতে কাকরাইল মোড় অবরোধ করে।

ব্যস্ততম এই সড়ক অবরোধ করায় আশপাশের সড়কগুলোতে ব্যাপক যানজট তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বেলা দেড়টার দিকে ঘটনাস্থলে আসেন রমনা বিভাগের পুলিশের সহকারী কমিশনার শিবলী নোমান।

তিনি বলেন, এতদিন কেবল খুনি ওবায়েদের নাম তাদের কাছে ছিল। এখন তার স্থায়ী ও অস্থায়ী ঠিকানা এবং ছবি পাওয়া গেছে। তাকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চলছে। তাকে গ্রেফতার এখন সময়ের ব্যাপার মাত্র। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খুনিকে গ্রেফতার করা হবে উল্লেখ করে তিনি আপাতত আন্দোলন স্থগিতের আহ্বান জানান।

বেলা দুইটার দিকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে​ বলেন, শিক্ষার্থীরা যে আন্দোলনই করুক না কেন গণজাগরণ মঞ্চ সেই আন্দোলনে পাশে থাকবে।

এর আগে বেলা ১২টার দিকে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ স্কুল অ্যান্ড কলেজের ভেতরে গিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমেই শিক্ষার্থীরা আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠে। তাদেরকেই যখন হত্যা করা হয় তখন শিক্ষা ব্যবস্থার কোনো স্বার্থকতা থাকে না।

শিক্ষার্থীদের নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি শোকসভায় যোগ দিতে প্রতিষ্ঠানটির হলরুমে চলে যান। পরে শিক্ষার্থীদের একাংশ বাইরে বের হয়ে এসে রাস্তা অবরোধ করে রাখে।

গত বুধবার স্কুল থেকে বের হয়ে স্কুলের সামনের ফুট ওভারব্রিজ পার হচ্ছিল রিশা। এ সময় এক দুর্বৃত্তের ছরিকাঘাতে আহত হয় সে। পরে রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে থাকা অবস্থায় সুরাইয়া আক্তার রিশা মারা যায়।

এসএ