মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পিরোজপুরের মঠবাড়িয়ার শান্তি কমিটির প্রধান ও জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার (পলাতক)আবদুল জব্বারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১৬ তম সাক্ষী টিকেন্দ্রনাথ মজুমদারের সাক্ষ্যগ্রহণ চলছে।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষীকে সহায়তা করেন প্রসিকিউটর জাহিদ ইমাম।
উল্লেখ্য,আবদুল জব্বারের বিরুদ্ধে ১৪ আগস্ট অভিযোগ গঠন করা হয়। ৭ সেপ্টেম্বর সূচনা বক্তব্য উপস্থাপনের পর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলার তদন্ত কাজ শুরু হতে তিনি পলাতক রয়েছেন।
ইঞ্জিনিয়ার জব্বারের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ; প্রথম অভিযোগে বলা হয়েছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরের মঠবাড়িয়ার ফুলঝুড়িতে দু’জন মুক্তিযোদ্ধাকে হত্যা।
দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের সময় জব্বার ফুলঝুড়িতে একজনকে হত্যা করেন এবং বাড়িঘরে লুটপাট চালান এবং অগ্নিসংযোগে অংশ নেন।
তৃতীয় অভিযোগে আসামির বিরুদ্ধে ১১ জনকে হত্যা ছাড়াও ৬০টি বাড়ির মালামাল লুট এবং অগ্নিসংযোগ করার কথা বলা হয়েছে।
চতুর্থ অভিযোগে ফুলঝুড়িতে হিন্দু সম্প্রদায়ের লোককে জোরপূর্বক ধর্মান্তরিত করা।
পঞ্চম অভিযোগে আঙুলকাটা এবং মঠবাড়িয়া থেকে ৩৭ জনকে আটক, মালামাল লুণ্ঠন, অপহরণ, নির্যাতন, ১৫ জনকে গুরুতর জখম এবং ২২ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
কেএ/এএইচ





