মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুস সুবহানের বিরুদ্ধে রায় পাঠ শুরু হয়েছে।

বুধবার সকাল ১১টা ১৮ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান রায় পাঠ শুরু করেন। ১৬৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় সংক্ষিপ্ত আকারে পাঠ করছেন তিনি।

এর আগে, বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটে মাওলানা আব্দুস সুবহানকে ট্রাইব্যুনালে আনা হয়। তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়।

এর আগে চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মঙ্গলবার সকালে মামলাটির রায় ঘোষণার জন্য বুধবার দিন ধার্য করেন।

সুবহানের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুণ্ঠনসহ ৯টি অভিযোগ আনা হয়েছে।

গত ৪ ডিসেম্বর সুবহানের বিরুদ্ধে চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য মামলাটি অপেক্ষমাণ রেখে দেয় ট্রাইব্যুনাল।

গত ৩০ নভেম্বর আসামীপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে।

এর আগে গত ৫ নভেম্বর প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। এর পর ১৭ নভেম্বর রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন শেষ করে।

সুবহানের বিরুদ্ধে মামলায় প্রসিকিউশনের পক্ষে ৩০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

২০১৩ সালের ৩১ ডিসেম্বর সুবহানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

ট্রাইব্যুনালের আদেশে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১২ সালের ২০ সেপ্টেম্বর মাওলানা আবদুস সুবহানকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জেএ