মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক পটুয়াখালীর মো. ফোরকান মল্লিকের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আগামী ৩ নভেম্বর তদন্ত দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল উপস্থিত ছিলেন।
গত ২৫ জুন মানবতাবিরোধী অপরাধ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. ফোরকান মল্লিককে গ্রেফতার করেন পটুয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বরিশালের রুপাতলী বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের দায়ে ২০০৯ সালের ২১ জুলাই ফোরকানের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় আবদুল হামিদ নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।
ঢাকা, কেএ,১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





