রাজধানীর মিরপুর করোলাপাড়া এলাকায় একটি ভেষজ ঔষধ কোম্পানীর দোকানে চাঁদাবাজি করতে গিয়ে মিরপুর মডেল থানা পুলিশের কাছে আটক হয়েছেন ২ ভূয়া সাংবাদিক।

আটককৃতরা হলেন গোলাম মোস্তাফা এবং রোমান চৌধুরী। দু'জনই ক্রাইমনিউজবিডি.কম নামে একটি অনলাইন পত্রিকার সাথে জড়িত বলে দাবি করেছেন।

গোলাম মোস্তফা অনলাইন পত্রিকাটির এমডি এবং এডিটর বলে দাবিও করেছেন। আটককৃত দুই ব্যক্তিরই সাংবাদিকতার পরিচয়পত্র রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহউদ্দিন টাইমনিউজবিডি'কে বলেন, তারা ভূয়া সাংবাদিক কিনা তা প্রমাণ সাপেক্ষ। তবে তারা চাঁদাবাজি করতে এসেছিল। সে কারণে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সূত্রে জানা গেছে, মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার ওই দুই পরিচয়ধারী সাংবাদিক মিরপুরের ইউনানী ভেষজ ওষধালয়ে যান। বিভিন্ন কর্মচারীকে হুমকি ধামকি দেন। ওষধের বাক্স জোর করে হাতিয়ে দেন। এরপর দোকানের লাইসেন্স কার্ড নিয়ে ইউনানী ভেষজ দোকানের মালিককে ২১৮, নিউ এলিফেন্ট রোডে দেখা করতে বলেন।

এরপর আজ সকালে মালিক ডা. আব্দুর রশিদ মোবাইলে যোগাযোগ করে তাদের ডেকে নেন মিরপুরে। এরপর সেখানে ওই দুই পরিচয়ধারী সাংবাদিক ভেষজ ঔষধ তৈরির কারখানায় যেতে চান। কিন্তু মালিক ডা. রশিদ যেতে অপারগতা প্রকাশ করলে তারা ১০ হাজার টাকা চাঁদা দাবি করে বসেন।

দাবিকৃত চাঁদার টাকা না দিলে সংবাদ পরিবেশন করা হবে বলে হুমকি দেয়া হয়। এ ঘটনায় তিনি মিরপুর থানায় ফোন করে বিষয়টি জানালে পুলিশ এসে ওই দুইজনকে আটক করে।

এ বিষয়ে ইউনানী ভেষজ ওষধালয়ের মালিক ডা. আব্দুর রশিদের সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।

মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম টাইমনিউজবিডি'কে বলেন, ইউনানী ভেষজ কোম্পানীর মিরপুর শাখার মালিক ডা. আব্দুর রশিদ বাদী হয়ে দ্রুত বিচার আইনে তাদের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। মামলা নাম্বার ১৯। বিষয়টি এখন খতিয়ে দেখা হচ্ছে। আটককৃত ওই দুই্ সাংবাদিক এখন থানা হাজতে আটক রাখা হয়েছে বলেও জানান তিনি।

ঢাকা, জেইউ, ০৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ