জামায়াতের নায়েবে আমীর ও মোফাসসিরে কুরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দেয়া আপিল বিভাগের আমৃত্যু কারাদণ্ডের রায় গ্রহণযোগ্য বলে জানিয়েছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।
আজ (বুধবার) প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রায় দেয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
সর্বোচ্চ আদালত উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই রায় ঘোষণা করেছেন। সুতরাং এই রায় সকলকে গ্রহণ করতে হবে বলেও জানান ব্যারিস্টার শফিক আহমেদ।
তবে, সংক্ষিপ্ত রায়ে এখনই চূড়ান্ত পর্যবেক্ষণ দেয়া সম্ভব নয়। রায়ের বিস্তারিত হাতে পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেয়া যাবে বলেও জানান সাবেক আইনমন্ত্রী।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্র্রাইব্যুনাল-১ মাওলানা সাঈদীকে মৃত্যুদণ্ড দিলেও আপিল বিভাগ তা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। কোন গ্রাউন্ডে সর্বোচ্চ আদালত সাজা কমালো-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাবেক এই আইনমন্ত্রী বলেন, চূড়ান্ত রায়ের কপি হাতে না পেলে এ ব্যাপারে মন্তব্য করা যাবে না।
উল্লেখ্য, সকাল ১০টা ১০ মিনিটের দিকে প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ আদালতে বসার পর পরই সংক্ষিপ্ত রায় ঘোষণা করেই এজলাস ত্যাগ করেন।
এদিকে, এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করবেন কীনা সে ব্যাপারে এই রিপোর্ট লেখা পর্যন্ত মাওলানা সাঈদীর আইনজীবীদের কোন মন্তব্য এখনো পাওয়া যায়নি।
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেবি





