নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণবিধির গেজেট প্রকাশিত হয়েছে।
আজ (সোমবার) বিকাল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মানবাধিকার বিষয়ক এক সেমিনার শেষে সাংবাদিকদের আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য জানান।
আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, “শৃংখলাবিধির প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে। সেটি এখন বিজি প্রেসে ছাপা হচ্ছে। একইসঙ্গে গেজেটের কপিও হাতে পাওয়া যাবে।”
এ সময় সাংবাদিকরা জানতে চান, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচারকদের শৃংখলাবিধি নিয়ে যেসব আপত্তি দিয়েছিলেন- তা বাদ দেয়া হয়েছে কি না। জবাবে আইনমন্ত্রী বলেন, সাবেক প্রধান বিচারপতি রাজনৈতিক বক্তৃতা দিয়েছেন। এ কারণে বিধিমালা প্রণয়নে বিলম্ব হয়েছে।
সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শক্রমে বিচারকদের চাকরির শৃংখলাসংক্রান্ত বিধিমালা প্রণয়ন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, মাসদার হোসেন মামলার রায়ের আলোকে ২০০৭ সালের ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে বিচার বিভাগের কার্যক্রম শুরু হয়। আপিল বিভাগের নির্দেশনার পর গত বছরের ৭ মে আইন মন্ত্রণালয় নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালার একটি খসড়া প্রস্তুত করে সুপ্রিম কোর্টে পাঠায়।
খসড়াটি ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার অনুরূপ হওয়ায় তা মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থি বলে গত বছরের ২৮ আগস্ট শুনানিতে উল্লেখ করেন আপিল বিভাগ। পরে ওই খসড়া সংশোধন করে সুপ্রিম কোর্ট আইন মন্ত্রণালয়ে পাঠায়। একই সঙ্গে তা চূড়ান্ত করে প্রতিবেদন আকারে আদালতে উপস্থাপন করতে নির্দেশ দেন সর্বোচ্চ আদালত।
দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে গঠিত আপিল বিভাগ রোববার এক আদেশে এ সংক্রান্ত গেজেট প্রকাশের জন্য ১৩ ডিসেম্বর (বুধবার) পর্যন্ত সময় দেন।
এমবি





