প্রাইম ব্যাংক এবং সোনালী ব্যাংকের ৭ কর্মকর্তা বিরুদ্ধে ৯০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের নিয়মিত সভায় এ মামলার অনুমোদন দেয়। এ বিষয়টি দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য নিশ্চিত করেছেন।

যে কোন সময় সংশ্লিষ্ট থানায় দন্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ এবং ১৯৪৭ সালের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন,২০১২ এর ৪ ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের হবে।

দুদকের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ এ অভিযোগ অনুসন্ধান করে মামলা দায়েরের জন্য প্রতিবেদন উপস্থাপন করেন।

অভিযুক্তরা হলেন- প্রাইম ব্যাংকের মতিঝিল শাখার নির্বাহী কর্মকর্তা মির্জা কামরুল হাসান, সিনিয়র নির্বাহী কর্মকর্তা মো. ফেরদৌস আক্তার দীপু, সিনিয়র ভিপি ও ম্যানেজার অপারেশন মো. মহিউদ্দিন আহমেদ,নির্বাহী কর্মকর্তা এইচ এম কামরুজ্জামান সুমন, সিনিয়র এভিপি ও আইবিবি শাখার ম্যানেজার অপারেশন মো. জাফর হাসান,সোনালী ব্যাংকের লোকাল অফিস শাখার সিনিয়র কর্মকর্তা মো. আনিসুর রহমান সরকার ও কর্মকর্তা লিয়াকত হোসেন চৌধুরী।

জানা যায়,আসামিরা পরস্পর যোগসাজসে সোনালী ব্যাংকের লোকাল অফিস মতিঝিলের গ্রাহক বেলহাসা অ্যাকম অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেডের হিসাব থেকে মেসার্স কালাম এন্টারপ্রাইজ নামের ভুয়া প্রতিষ্ঠানের নামে ৯০ লাখ টাকা স্থানান্তের মাধ্যমে আত্মসাত করেন।

ঢাকা,একে,৭ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম,এসআর