গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পল্টন থানায় দ্রুতবিচার আইনে দায়ের করা মামলায় বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক, আমানুল্লাহ আমান, জাগপা সভাপতি শফিউল আলম প্রধানসহ বিএনপি'র ১৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ১৫ ডিসেম্বর দিন ধার্য করেছে আদালত।

আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া সোমবার এ দিন ধার্য করেন।

এ মামলায় সাক্ষ্যগ্রহণের দিন সোমবার ধার্য ছিল। আদালতে আমানউল্লাহ আমান ও শফিউল আলাম প্রধানসহ ৭৮ জন উপস্থিত ছিলেন।

তবে মামলার অন্য আসামিরা আদালতে হাজির না হওয়ায় আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করে বলেন, "আমাদের অধিকাংশ নেতাকর্মী বিভিন্ন কাজে আসতে পারেননি।"

আদালত সময়ের আবেদন মঞ্জুর করে সাক্ষ্যগ্রহণের জন্য এ দিন ধার্য করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, গত বছর ১১ মার্চ বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পরের দিন পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন দ্রুতবিচার আইনে ১৫৪ জনকে আসামি করে এ মামলাটি দায়ের করেন।

২৪ মার্চ ২০১৩ সালে উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান ১৪৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। ২৫ আগস্ট তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

ইআর