কোরবানীর পশুর হাটে বিক্রির জন্য আনা পশু মোটাতাজাকরণে কেমিকেল ও ক্ষতিকারক পদার্থ ব্যবহার বন্ধে ৬ সপ্তাহের রুল জারি করেছে হাইকোর্ট।

সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ উল্লার সমন্বিত বেঞ্চ এ রুল জারি করেন।

একই সঙ্গে আগামী ৮ সপ্তাহের মধ্যে ৭ সদস্য বিশিষ্ট (স্বাস্থ্য বিশেষজ্ঞ, অধ্যাপক, ডাক্তার, পুষ্টি বিজ্ঞানী, পশু ডাক্তার এবং মন্ত্রণালয়ের প্রতিনিধি) বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে।

এই কমিটিকে পশু মোটাতাজাকরণে হরমন ও কেমিকেল জাতীয় পদার্থ ব্যবহার বন্ধে পদক্ষেপ/ গাইড লাইন তৈরির সুপারিশ করতে বলা হয়েছে।এ ব্যাপারে ৮ সপ্তাহের মধ্যে অগ্রগতি রিপোর্ট(কমপ্লায়েন্স রিপোর্ট) দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

স্বরাষ্ট্র, খাদ্য, বাণিজ্য, স্বাস্থ্য সচিব, মৎস ও পশু সম্পদ সচিব, ডিজি র্যাাব, ডিএমপি কমিশনার, ডিজি লাইভ স্টোক সার্ভিস ও ডিজি স্বাস্থ্য অধিদপ্তরসহ ১২ জনকে বিবাদী করা হয়েছে।
হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ(এইচআরপিবি)'র পক্ষে পিটিশনার হলেন অ্যাডভোকেট মন্জিল মোরশেদ।

তিনি আদালতকে বলেন, কতিপয় অসাধু ব্যবসায়ী কোরবানির হাটকে কেন্দ্র করে অধিক মুনাফা লাভের প্রত্যাশায় পশু মোটা তাজা করণে ডেস্কামিথাসন,করটিসল, বিটামিথাসন, হাইড্রোকরটিসন এবং ইউরিয়া, ওরাডেস্ক, প্রিডানিসলন, ডেকাসন ইত্যাদি নামক হরমোন ও কেমিকেল জাতীয় পদার্থ ব্যবহার করে মর্মে মিডিয়াতে সংবাদ প্রকাশিত হয়েছে।

কেমিকেল ব্যবহারের মাধ্যমে সৃষ্ট পশুর মাংস মানুষের শরীরের জন্য মারাত্বক হুমকি স্বরুপ কিন্তু প্রশাসন হতে তা বন্ধে যথাযথ পদক্ষেপ নেই। সংবিধানের ধারা ২১ অনুসারে বিবাদীরা এ ক্ষেত্রে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।

গত ২২ সেপ্টেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রীমকোর্টের আইনজীবী মনজিল মোরসেদ "হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ"(এইচআরপিবি)'র পক্ষে এ রিট আবেদন করেন।

ঢাকা, কেএ, ২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর