মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুস সোবহানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যক্তি উপস্থাপন শেষ হয়েছে।

একইসঙ্গে আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয়ে আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন ট্রাইব্যুনাল।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর জেয়াদ আল মালুম উপস্থিত ছিলেন। আসামীপক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মিজানুল ইসলাম ও এসএম শাহজাহান।

এর আগে গত ৭ এপ্রিল থেকে আব্দুস সোবহানের বিরুদ্ধে প্রসিকিউশনের সাক্ষিদের জবানবন্দি গ্রহণ শুরু হয়।

গত বছরের ১৯ সেপ্টেম্বর সোবহানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন ট্রাইব্যুনাল। এরপর ৩১ ডিসেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

জামায়াতের এ নেতার বিরুদ্ধে গণহত্যা, হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রসহ ৮ ধরনের ৯টি মানবতাবিরোধী অপরাধের কথা উল্লেখ রয়েছে।

২০১২ সালের ২০ সেপ্টেম্বর সকালে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে সোবহানকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কেএ/এসএইচ