রাজধানীতে ইয়াবা ব্যবসায়ীদের গুলিতে তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৪টার দিকে গেন্ডারিয়া থানাধীন ঘুন্টিঘর শেলটেক গলির একটি বাসায় অভিযানে গেলে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা।

এতে অভিযানে অংশ নেয়া গেন্ডারিয়া থানার দুই সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবল গুলিবিদ্ধ হন। আহত পুলিশ সদস্যরা হলেন-এএসআই মোহসিন আলী, এএসআই মশিউর রহমান ও কনস্টেবল বশির উদ্দিন।

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মিজানুর রহমান জানান, গোপন সংবাদ ছিল একটি ইয়াবার বড় চালান নিয়ে আসা হচ্ছে। ঘুন্টিঘর শেলটেক গলির একটি বাসায় অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। পরে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এসময় ইয়াবা ব্যবসায়ীদের গুলিতে একজন এএসআই’র পায়ে এবং অপর এক এএসআই ও এক কনস্টেবলের হাতে বিদ্ধ হয়।  

অভিযানকালে ঘটনাস্থল থেকে ইয়াবা ব্যবসায়ী এক নারী ও পুরুষকে আটক করা হয়। এবং ঐ বাসাটি থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানান ওসি।

এমবি