রাজধানীর চকবাজারে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম জুয়েল (২৩)।

সোমবার (২২ জানয়ারি) রাত ১২টার দিকে পূর্ব চুনারুঘাট দ্বীনের আলো জামে মসজিদের পাশে এই ঘটনা ঘটে।

পূর্ব চুনারুঘাট ৩৮/২১/এ নম্বর বাসায় থাকতো জুয়েল। তার বাবার নাম মুজিবুর রহমান। ট্র্যাভেল এজেন্সিতে কাজ করতো জুয়েল।

চকবাজার থানার ডিউটি অফিসার আশরাফুল ইসলাম জানান, মসজিদের পাশে ২-৩ জন যুবক জুয়েলকে ঘাড়ে পিঠে ও ডান হাতে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।

খবর পেয়ে স্বজনরা তাকে আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, কী কারণে এই হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি। তবে জুয়েলের স্বজনরা এলাকার সুমন নামের এক যুবকের নাম বলেছেন, তাদের দাবি সে জড়িত ছিলো। ময়নাতদন্তের জন্য লাশটি ঢমেক মর্গে রাখা হয়েছে।

এমবি