বাংলাদেশ সেনাবাহিনীর অবসরগ্রাপ্ত মেজর সিনহা মো: রাশেদ খান হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডের আদেশপ্রাপ্ত আসামি চার পুলিশ সদস্য এবং ওই ঘটনায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব হেফাজতে নেয়া হয়েছে।
আজ (১৪ আগস্ট) শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা কারাগার থেকে এই ৭ জনকে র্যাবের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে গত বুধবার (১২ আগস্ট) এসব আসামিদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড মন্জুর করেন কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
র্যাব হেফাজতে রিমান্ডে নেয়া আসামিরা হলেন- কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন ও এএসআই লিটন মিয়া এবং পুলিশের দায়েরকৃত মামলার সাক্ষী মো: নুরুল আমিন, মো: নেজামুদ্দিন ও মোহাম্মদ আয়াজ।
কক্সবাজার জেলা কারাগারের সুপার মো: মোকাম্মেল হোসেন জানান, মেজর সিনহা হত্যা মামলায় কারাগারে থাকা পুলিশের ৪ সদস্য ও অপর একটি মামলার ৩ সাক্ষীসহ মোট ৭ জনকে কারাগার থেকে র্যাব হেফাজতে নেয়া হয়েছে। তবে জিজ্ঞাসাবাদের আগে তাদের কক্সবাজার সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানোর কথা রয়েছে।
উল্লেখ্য, গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো: রাশেদ খান (৩৬)। তার ওপর গুলি চালান বাহারছড়া ফাঁড়ির দায়িত্বরত পুলিশ ইন্সপেক্টর লিয়াকত। নিহত সিনহা রাশেদকে ঢাকায় সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এমবি





