রাজধানীর শেরে বাংলা নগর থানায় এবার এক পুলিশকে মারধরের পর আটক করে থানায় আনার অভিযোগ উঠেছে। শুধু তাই নয় ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে থানায় জিডি ও এমনকি লিখিত মুছলেকা নিয়ে ছেড়ে দেবে বলে সংশ্লিষ্ট থানা পুলিশ সূত্রে জানা গেছে।

রাত ৮টা অবধি তাকে থানায় আটকে রাখা হয়েছে বলে জানিয়েছেন ডিউটি অফিসার মিজানুর রহমান। রোববার বিকেল ৫ টার দিকে তাকে শেরে বাংলা নগর এলাকার উড়োজাহাজ ক্রসিং এলাকা থেকে আটক করে আনা হয়।

আটককৃত ওই পুলিশ সদস্যের নাম মনিরুল ইসলাম। তিনি চট্টগ্রাম পুলিশের সদর দপ্তরে আইন শাখার উপ-পরিদর্শক। সম্প্রতি তিনি চট্টগ্রাম পুলিশ লাইনে ইন্সট্রাক্টর পদে রয়েছেন। তিনি কয়েকদিনের ছুটিতে ঢাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছেন।

এব্যাপারে যোগাযোগ করা হলে মনিরুল ইসলাম জানান, “রোববার বিকাল সাড়ে ৫টার দিকে শেরে বাংলা নগর এলাকার উড়োজাহাজ ক্রসিং এলাকায় রাস্তা পার হবার চেষ্টা করছিলাম। এসময় শেরে বাংলা নগর থানার পেট্রোল ইন্সপেক্টর আবুল কালাম আজাদ হঠাৎ করে কোন কারণ ছাড়াই আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে। আমি প্রতিবাদ করায় আমার টি-শার্টের কলার ধরে মারধর করে। পরে আমি পুলিশ সদস্য বলে পরিচয় দেই। কিন্তু এরপরেও আমাকে না ছেড়ে গাড়িতে করে জোর করে থানায় নিয়ে আসে।”

তিনি আরও জানান, আমি গত ৫ অক্টোবর থেকে ছুটি আছি। এসেছি ঢাকায় আত্নীয়ের বাসায় বেড়াতে।

তবে শেরে বাংলা নগর থানার পেট্রোল ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বলছেন ভিন্ন কথা। এব্যাপারে তার সাথে মুঠোফোনে কথা বলা হলে তিনি টাইমনিউজবিডিকে বলেন, “রোববার বিকালে শেরেবাংলা নগর থানার উড়োজাহাজ ক্রসিং এলাকায় রাষ্ট্রপতি যাতায়াত করবেন বলে সংকেত দেয়া হয়েছিল। সেটি অমান্য করে এক লোক রাস্তা পার হবার চেষ্টা করলে তাকে বাঁধা দেই।কিন্তু সে পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় তাকে আটক করে থানায় নিয়ে আসা হয় বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, থানার নেবার পর জানতে পারি আটককৃত ওই ব্যক্তি চট্টগ্রাম পুলিশের উপ-পরিদর্শক। উর্ধ্বোতন পুলিশ কর্তৃপক্ষের নির্দেশে তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি ও লিখিত মুছেলেকা নিয়ে ছেড়ে দেবার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শেরে বাংলা নগর থানার ওসি গোপাল গণেশ বিশ্বাস টাইমনিউজবিডিকে বলেন, “এটা আভ্যন্তরীণ বিষয়। বলতে পারেন দুই ভাইয়ের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি। এটি সাধারণ ঘটনা। বিষয়টি নিয়ে দুই পক্ষের সাথে কথা বলা হয়েছে। দুই পক্ষকেই ডেকে আলোচনা করে বিষয়টি সমঝোতা করে দেয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

জেইউ/এসএইচ