রাজধানীতে বিভিন্ন সময়ে ক্রসফায়ার বা কথিত বন্দুক যুদ্ধের ঘটনা নতুন কিছু নয়।
অন্যান্য যেকোন সময়ের তুলনায় এমন ধরণের ঘটনা একটু কম ঘটলেও যেগুলো ঘটে সেগুলো গভীর রাতে কোন এক নির্জন এলাকায় ঘটে থাকে।
তেমনি একটি উপযুক্ত এলাকায় পরিণত হয়েছে রাজধানীর আগারগাঁয়ের তালতলা নতুন রাস্তার সরকারি সঙ্গীত কলেজ এলাকা।
স্থানীয়রা বলছেন এ পর্যন্ত এই এলাকায় ১০-১২টা ক্রসফায়ারের ঘটনা ঘটেছে। এ দিকটা একটু নির্জন হওয়ায় এমন ঘটনা এ এলাকায় একটু বেশিই ঘটে বলে তাদের দাবি।
তবে প্রসাশন বলছে স্থানীয় লোকদের কথার উপর ভিত্তি করে কিছু বলা যাবেনা। এটার জন্য উপযুক্ত প্রমাণ বা হিসেব প্রয়োজন।
গতকাল (বুধবার) দিবাগত রাত আড়াইটার দিকে আগারগাঁয়ের তালতলা নতুন রাস্তার আগারগাঁও তালতলা সরকারি কলোনী উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজের গেটে একটি চায়ের দোকানের সামনে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ছিনতাইকারী চক্রের এক সদস্য নিহত হয়েছে বলে দাবি করছে।

এ ব্যাপারে সরেজমিনে খোঁজ নিতে গেলে ওই এলাকার স্থানীয় বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাঙ্গাড়ি ব্যবসায়ী টাইমনিউজবিডিকে বলেন, ভাই আমরা স্থানীয় হলেও এসব ঘটনা তো গভীর রাতে ঘটে থাকে, তাই আমরা কিছু বলতে পারিনা। তবে সকালে শোনার পর যেয়ে দেখি রক্ত পড়ে আছে।
তার দোকানের এক কর্মচারি টাইমনিউজবিডিকে বলেন, ভাই এমন ঘটনা এই এলাকায় অহরহ ঘটে থাকে। নতুন রাস্তার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আজ অবোধী এমন ঘটনা প্রায় ১০ থেকে ১২ টা ঘটেছে।
এমন ঘটনা চাক্ষুশ দেখার দাবি করে নাম প্রকাশে অনিচ্ছুক এই স্থানীয় বাসিন্দা বলেন, আমি একদিন এই রকম ঘটনা স্বচোক্ষে দেখেছি। দেখি র্যাবের একটি গাড়িতে করে এক ব্যাক্তিকে আনলো। গাড়ি থেকে নামিয়ে তাকে বলছে দৌঁড় দিতে। সে দৌড়াতে রাজি না হয়ে বলছে মারলে এখানেই মারেন দাঁড়িয়ে আছি।
ওই স্থানীয় বাসিন্দা আরো বলেন, কিছুক্ষণ পরে দেখি সাদা গাড়িতে করে কয়েকজন আসলো। গাড়ি থেকে নেমে তাঁকে দৌঁড়াতে বাধ্য করলো এবং দৌঁড়ানোর সাথে সাথে একজন তাকে গুলি করলো। আমি এ ঘটনা চুপিচুপি দেখে চুপ করেই থাকলাম।
যে দোকানের সামনে গতকাল (বুধবার) দিবাগত রাতে এঘটনা ঘটেছে তার ঠিক বিপরীত পাশে একটি বড় মুদির দোকান। এ ব্যাপারে কথা বলছিলাম ওই দোকানের মালিক মো. লিমন হোসেনের সাথে।
টাইমনিউজবিডিকে তিনি বলেন, এই এলাকাটা একটু নির্জন হওয়ায় রাত দশটার পর এদিকে কেউ আসেনা। আমার বাসা পাশেই। রাতে যখন এ ঘটনা ঘটে তখন কয়েকটা শব্দ শুনেছিলাম। ভাবলাম কেউ হয়তোবা ককটেল-বাজি ফুটিয়েছে। কিন্তু সকালে শুনি ক্রসফায়ার হয়েছে।
তবে যে নিহত হয়েছেন তার সম্পর্কে কেউ কিছু বলতে পারেননি। তার বাড়ি এবং ঠিকানা সম্পর্কে কেউ কিছু জানেননা।
বন্দুকযুদ্ধে ছিনতাইকারী চক্রের এক সদস্য নিহত র্যাব-২ এর গণমাধ্যম শাখার সহকারি পরিচালক এএসপি মারুফ টাইমনিউজবিডিকে বলেন, রাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ছিনতাইকারী চক্রের এক সদস্য নিহত হয়েছেন।

এ সময় ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শেরে বাংলানগর থানা ডিউটি অফিসার এসআই দেবাশিষ টাইমনিউজকে বলেন, রাতে লাশটি উদ্ধার করে মেডিকেলে রাখা হয়েছে। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি বলেও জানান তিনি।
এ খবর লেখা পর্যন্ত ঢাকা মেডিকেল হাসাপাতালের মর্গ থেকে তার কোন পরিচয় পাওয়া যায়নি বলে জানানো হয়। লাশটি নাম ঠিকানাহীন অজ্ঞাত হিসেবেই রাখা আছে।
তবে এলাকাবাসীর এমন দাবির ব্যাপারে র্যাব সদর দপ্তর গণমাধ্যম শাখার সহকারি পরিচালক রুম্মান রশিদ টাইমনিউজবিডিকে বলেন, দেখেন, ওই এলাকা সম্পর্কে উপযুক্ত কোন প্রমাণ বা হিসেব ছাড়া কিছু বলা যাবে না।
তিনি বলেন, যদি কোন স্থানে আমাদের সাথে কারো বন্দুক যুদ্ধের মতো ঘটনা ঘটে অথবা আমাদেরকে লক্ষ করে কেউ গুলি ছোঁড়ে। তাহলে বাঁচার জন্যে আমরাও পাল্টা গুলি করবো। সেক্ষেত্রে ওই স্থানে আগে এমন ঘটনা ঘটলেও করার কিছু নেই।
এমআর/এসএইচ





