বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক সুজন মিয়াকে (২০) গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্কুল শিক্ষার্থীরা।

ধুনট উপজেলার খাদুলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার  দুপুর ১২টার দিকে এ মানববন্ধন করে।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তজা বাংলানিউজকে জানান, কয়েক দিন আগে বনভোজনের কথা বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফের কাছ থেকে মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক সুজন মিয়া দশ হাজার টাকা দাবি করেন।

পরে তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে ওঠেন সুজন। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকালে বিদ্যালয়ে আসার পথে ওই ছাত্রলীগ নেতা ও তার সহযোগীরা প্রধান শিক্ষকের পথরোধ করে এলোপাতাড়ি মারধর করেন। খবর পেয়ে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

ওইদিন রাতেই প্রধান শিক্ষক আব্দুর রউফ বাদী হয়ে ছাত্রলীগ নেতা সুজন মিয়াসহ তিন জনের বিরুদ্ধে ধুনট থানায় চাঁদাবাজির অভিযোগ করেন।

বিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়ের আহম্মেদ, তৌহিদুল ইসলাম, মাহবুবা শারমিন ও সন্দা খাতুন জানায়, চাঁদা না পেয়ে প্রধান শিক্ষককে মারধর করেছে ছাত্রলীগ নেতা সুজন মিয়া। তাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গ্রেফতার না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানায় শিক্ষার্থীরা।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান  জানান, প্রধান শিক্ষকের অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ