রাজধানীর মধ্যবাড্ডার কুমিল্লা পাড়ার নূর মসজিদ এলাকায় দুলাল (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুলাল পুলিশের সোর্স হিসেবে কাজ করতো।
শনিবার দুপুর ৩ টার দিকে এ ঘটনা ঘটে। দুলাল মধ্যবাড্ডার ৩৭/১ কুমিল্লাপাড়া এলাকায় থাকতেন। নিহত দুলাল চাঁদপুর বাবুরহাটের দেলোয়ার হোসেনের ছেলে।
নিহতের বাবা দেলোয়ার হোসেন বলেন, ‘দুলাল একটি প্রাইভেট কোম্পানীতে চাকরি করত। সে বিয়ের পর থেকে মধ্যবাড্ডা এলাকায় থাকত। শনিবার দুপুরে ওই এলাকায় কে বা কারা তাকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। পরে সেখানকার লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে চারটার দিকে দুলালকে মৃত ঘোষণা করেন। তবে কি কারনে দুলালকে হত্যা করা হয়েছে তা তিনি বলতে পারেননি।’
নিহতের স্ত্রী কাকলি বেগম জানান, ‘দুলাল কাঁচামালের ব্যবসা করত। পাশাপাশি সে পুলিশের সোর্স হিসেবে কাজ করত। দুলাল ব্যবসার পাশাপাশি পুলিশের সঙ্গে চলাফেরা করত বলে জানান তিনি।’
বাড্ডা থানার এসআই রহিম টাইমনিউজবিডিকে জানান, কে বা কারা দুলালকে কুপিয়ে পালিয়ে যায়। তবে কি কারনে দুলালকে হত্যা করা হয়েছে তা তিনি বলতে পারেননি। এবিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
এমআর/এমএইচ





