নাশকতা-ভাংচুরের মামলায় হাই কোর্টের জামিনে মুক্তি পাওয়ার পর চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির আ ন ম শামসুল ইসলামকে কারাফটকেই আবার গ্রেপ্তার করা হয়েছে।
কারা কর্তৃপক্ষ জানায়, হরতাল-অবরোধে হামলা, নাশকতা ও ভাংচুরের অভিযোগে কয়েকটি মামলায় উচ্চ আদালতের জামিনের নথি হাতে পাওয়ার পর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে শামসুলকে মুক্তি দেয়া হয়।
এর পরপরই লোহাগাড়া থানার দুটি মামলায় কারা ফটক থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশ।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার দক্ষিণ মোস্তাফিজুর রহমান জানান, লোহাগাড়ায় একটি পুলিশ ক্যাম্পে হামলা ও ভাংচুর, নাশকতা এবং পেট্রোল পাম্পে আগুন দেয়ার অভিযোগে দুটি মামলায় এই জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১২ মে চট্টগ্রামের সিরাজ উদ দৌল্লাহ সড়ক সংলগ্ন দেওয়ানজী পুকুর লেইন এলাকায় নগর জামায়াতের কার্যালয় থেকে শামসুল ইসলামসহ ২১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
তার গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াত চট্টগ্রামে হরতাল করে।
ঢাকা, ১৬ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





