হলি আর্টিসান মামলায় দণ্ডিত দুই আসামির মাথায় আইএসের চিহ্ন সম্বলিত টুপি কীভাবে এল তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট।

আজ (০১ ডিসেম্বর) রোববার আইন ও সালিশ কেন্দ্রের এক মামলার শুনানিতে পত্রিকার প্রতিবেদনের প্রসঙ্গ টেনে আদালত এই মন্তব্য করেন।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন।

আদালত বলেন, আইএসের টুপি নিয়ে পত্রিকায় দেখলাম- পুলিশ বলছে তারা এ বিষয়ে জানে না। অন্যদিকে কারা কর্তৃপক্ষ বলছে টুপি কারাগার থেকে যায়নি! তাহলে টুপি দিল কে? আইএসের টুপি ফেরেশতা দিল নাকি শয়তান দিল?

২৭ নভেম্বর (বুধবার) গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড ও ১ জনকে খালাসের আদেশ দিয়েছেন আদালত। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো: মজিবুর রহমান এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিগানের মাথায় জঙ্গি সংগঠন ‘আইএসের টুপি’ দেখা গেছে। রিগান ছাড়াও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর হোসেনের মাথাও আইএস-এর টুপি দেখা গেছে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইতোমধ্যে সমালোচনা শুরু হয়ে গেছে। প্রশ্ন তোলা হচ্ছে, কারাবেষ্টনির মধ্যে কীভাবে আসামিদের মাথায় এই ধরনের টুপিটা এল?

এমবি