চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণ মামলায় হেফাজত নেতা মুফতি ইজহার ও তার ছেলের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।
২৮ এপ্রিল থেকে এ মামলার সাক্ষ্য গ্রহণ করা হবে বলে আদালত সূত্রে জানা যায়।
রোববার দুপুরে মহানগর হাকিম এস এম  মুজিবুর রহমানের আদালতে এ অভিযোগ গঠন করা হয়। আদালত আগামী ২৮ এপ্রিল সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছেন।
এর আগে গত ৩০ মার্চ  আরো ২টি  মামলায় হেফাজতে ইসলামের নেতা ও ইসলামী ঐক্যজোটের একাংশের আমীর মুফতি ইজহারের বিরুদ্ধে গ্রেফতারী পারোয়ানা জারি করেছিলেন মহানগর হাকিম নওরীন আকতার কাকন এর আদালত।
অভিযোগ গঠন উপলক্ষ্যে আজ দুপুরে হারুণ ইজাহারকে আদালতে হাজির করা হয়।
আদালত সূত্র জানা গেছে, ২০১৩ সালের ৭ অক্টোবর নগরীর লালখান বাজারে মুফতি ইজহারুল ইসলাম পরিচালিত জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্রাবাসের একটি কক্ষে  বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচজন ছাত্র আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুই ছাত্র মারা যায়।
মাদ্রাসা কর্তৃপক্ষ ল্যাপটপ চার্জার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেন ওই সময়।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে নগরীর খুলশী থানায় পৃথক তিনটি মামলা দায়ের করে।
এ সব মামলায় পুলিশ মুফতি ইজহারুল ইসলাম ও তার ছেলে হারুন ইজহারসহ ৯ জনকে অভিযুক্ত করে গত ১০ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে।

[b]ঢাকা, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস
[/b]