ভুয়া প্রকল্প দেখিয়ে ২১ লাখ ৪৯ হাজার টাকা আত্মসাতের মামলার আসামি ঢাকা জেলা পরিষদের হিসাব রক্ষক গোলাম মোস্তাফাকে গ্রেপ্তার করেছে দুদক।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মতিঝিল এলাকা থেকে তদন্তকারী কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আব্দুস সালাম তাকে গ্রেপ্তার করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ বিষয়টি নিশ্চিত করেছেন। গোলাম মোস্তাফাসহ আরো সাত আসামির বিরুদ্ধে ওই অর্থ আত্মসাতের অভিযোগ মতিঝিল থানায় মামলা করেছিল দুদক। মামলাটি করা হয় ২০১৫ সালের ১২ অক্টোবর। এই মামলায় রূপালী ব্যাংকের দুই কর্মকর্তা আব্দুস সালাম ও ফরিদ আহমেদ বর্তমানে কারাগারে রয়েছেন। এই মামলা ছাড়াও গোলাম মোস্তাফার বিরুদ্ধে দুদকের দায়েরকৃত আরো সাতটি মামলা রয়েছে।

এমই