রাজধানীর রামপুরার পশ্চিম হাজীপাড়ার নতুন রাস্তা এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে লোহার রড পড়ে রিয়া (৪) নামে এক শিশু নিহত হয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রিয়া ঢাকা দোহার এলাকার এরশাদ মিয়ার মেয়ে। তারা ওই এলাকায় ভাড়া থাকতেন।
রিয়ার মামা সাদ্দাম হোসেন জানান, ১২টার দিকে পাশের বাসার একটি ছেলের সঙ্গে দোকানে যাচ্ছিল শিশুটি। এ সময় নির্মাণাধীন ভবনের সামনে পৌঁছলে একটি রড তার মাথার ওপর পড়ে গুরুতর আহত হয় সে। আহত অবস্থায় তাকে প্রথমে রামপুরা কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ৩টার দিকে মারা যায় শিশুটি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এআইজে





