২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সাক্ষী জজ মিয়াকে জেরা করেননি আসামিপক্ষের আইনজীবী। এ মামলার শুনানি মূলতবি করে পরবর্তী শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছে আদালত।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে নির্মিত অস্থায়ী বিশেষ আদালতের বিচারক কাজী শাহেদ নূরউদ্দিন মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন।

এর আগে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কুতুবউদ্দিন সাক্ষী জজ মিয়াকে জেরা করতে অস্বীকৃতি জানান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান জানান, আসামিপক্ষের আইনজীবীর সাক্ষী জজ মিয়াকে জেরা করার কথা থাকলেও তিনি জেরা করেননি। এতে আদালত বিব্রত হয়েছে। সময়ক্ষেপণের উদ্দেশ্যেই তিনি জেরা করেননি।

প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় গ্রেনেড হামলা চালানো হয়। এতে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অল্পের জন্য বেঁচে যান। আহত হন দলের শতাধিক নেতাকর্মী।

ওই ঘটনায় মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল ও সাবের হোসেন চৌধুরী বাদী হয়ে মতিঝিল থানায় পৃথক তিনটি মামলা দায়ের করেন।

মামলায় গ্রেফতার হওয়া চারদলীয় জোট সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মুজাহিদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, মুফতি আব্দুল হান্নানসহ ২৫ জন আসামি বর্তমানে কারাগারে আছেন।

অন্যদিকে, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপি নেতা কাজী মোয়াজ্জেম হোসেন কায়কোবাদসহ ১৯ আসামি পলাতক রয়েছেন।

এএইচ