যৌথ মূলধনী কোম্পানি ও ফার্ম অধিদফতরের সহকারি রেজিষ্টার আবদুর রাজ্জাক হাওলাদার, হিসাব রক্ষক হারুন অর রশিদ, সহকারি রেজিষ্টার রনজিত কুমার রায় ও বিন রহমানের বিরুদ্ধে ২ কোটি ৫০ লাখ ৪৩ হাজার ৭৭১ টাকার শেয়ার জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করেছে দুদক।

আজ বৃহস্পতিবার তেজগাঁও থানা দুদকের সহকারি পরিচালক মো. আবদুস সোবহান বাদী হয়ে দন্ডবিধি ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলাটি দায়ের করেন। মামলা নং-১৫।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে সিনতেটিকস ইয়ান লিমিটেডের নামে ব্যাংকের ২ কোটি ৫০ লাখ ৪৩ হাজার ৭৭১ টাকার ঋণ থাকা সত্ত্বেও যৌথ মূলধনী কোম্পানির ফার্মসমূহের অধিদফতর অবগত থাকার পরও বন্ধকী ঋণের শেয়ার অনুমতি ছাড়া স্থানান্তরের অনুমতি প্রদান করেন। এ জালিয়াতির মাধ্যমে নিজেরা লাভবান হয়েছে এবং অপরকেও লাভবান করেছে।

অভিযোগে আরও বলা হয়,২০০৬ সাল থেকে এ জালিয়াতির প্রক্রিয়া শুরু হয়। ২০০৭ সালের ৮ অক্টোবর শেয়ার হস্তান্তর দেখানো হয়। এ জালিয়াতির বিষয়টি ২০১১ সালে দুদকে এসে জমা হয়। এর পর থেকে দুদক অনুসন্ধানী প্রতিবেদন দাখিল করে অনুসন্ধানী কর্মকর্তা।

ঢাকা, ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ