সড়ক পথে নজরদারি বাড়ায় সাগর পথকেই ইয়াবার চালানের নতুন রুট হিসাবে বেছে নিয়েছে পাচারকারীরা। সম্প্রতি ইয়াবার বেশ কয়েকটি বড় চালান আটকের পর  আটক পাচারকারীদের জিজ্ঞাসাবাদে এ তথ্য উঠে আসে। গেল ছয় মাসে বিভিন্ন অভিযানে প্রায় ২০ কোটি টাকার দামের চার লাখেরও বেশি ইয়াবা আটক করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড বলছে,মিয়ানমার থেকে মাছ ধরার ট্রলারে করে প্রথমে এসব ইয়াবা আনা হয় চট্টগ্রামে। এরপর সুযোগ বুঝে সাগর পথে স্বন্দ্বীপ ও হাতিয়া হয়ে ঢাকাসহ দেশের নানা প্রান্তে অথবা সড়কপথে এসব ইয়াবা পাচার হচ্ছে সারা দেশে।

বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে জানুয়ারি মাসে ১৯ হাজার ৪০০ ছাব্বিশটি, ফেব্রুয়ারি মাসে  এক লাখ ৩৯ হাজার ৬শ ৭০ টি, এপ্রিল মাসে ৯১ হাজার ২৫৮ টি, মে মাসে দুই হাজার ৫৮০টি, জুন মাসে দেড় লাখ ইয়াবা আটক করেছে কোস্টগার্ড।এছাড়া জুন মাসে গোয়েন্দা সংস্থাও মাছ ধরার ট্রলারে আনা ৩০ হাজার পিসের একটি ইয়াবা চালান আটক করে।

সাগর পথে ইয়াবা পাচারের সাথে জড়িত বেশ কয়েকটি বড় চক্রকে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। যার সাথে জড়িত ট্রলার মালিক ও মাঝি মাল্লারা।

সাগর পথে ইয়াবা পাচার ঠেকাতে নতুন করে নিরাপত্তা ছক একেছে কোস্টগার্ড। পাশাপাশি গভীর সাগরের বিভিন্ন পয়েন্টে টহলও জোরদার করা হয়েছে।

ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই