লালমনিরহাটে পুলিশের সঙ্গে গুলাগুলি শেষে জাকির হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শনিবার (৮ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে এই ঘটনা ঘটে।

তখন পুলিশের সাথে জাকির হোসেনের গুলাগুলির এক পর্যায়ে সে গুলিবিদ্ধ হয়। জাকির হোসেন ওই এলাকার কাজিচওড়া গ্রামের আজিজার রহমান ওরফে আজিজ মিলেটারীর ছেলে।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের চালান নিয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী মহেন্দ্রনগর ইউনিয়নে ঢুকে পড়েছে। এমন খবরের ভিত্তিতে নিজপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ।

এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা করলে পুলিশ দুই রাউন্ড শর্টগানের গুলি চালায়। এতে জাকির হোসেন দুই পায়ে গুলিবিদ্ধ হয়।

এ অবস্থায় তাকে গ্রেফতার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। ঘটনাস্থল থেকে একশো পিস ইয়াবা জব্দ করে পুলিশ।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানায়, মাদক ব্যবসায়ী জাকির হোসেনের বিরুদ্ধে থানায় ৯টি মাদক ও ডাকাতি মামলা রয়েছে।

যার মধ্যে ৪টি মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করে পুলিশ।

মুহিব