হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর অন্তর্বাস থেকে বিশেষভাবে লুকায়িত অবস্থায় সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার করা শুল্ক গোয়েন্দা। এ ঘটনায় মো. আনোয়ার হোসেন নামের ওই যাত্রীকে আটক করা হয়েছে। ৪৩টি বারের এসব স্বর্ণের দাম প্রায় ২ কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকা।
মঙ্গলবার ( ১৬ জানুয়ারি) সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ওই যাত্রী সোমবার (১৫ জানুয়ারি) রাতে সিঙ্গাপুর থেকে একটি ফ্লাইটে করে শাহজালালে অবতরণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীকে নজরদারিতে রাখা হয়। পরবর্তীতে গ্রিন চ্যানেল পার হওয়ার পরে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তার কাছে স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করেন। তবে যাত্রীর কথাবার্তায় অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় তাকে ব্যাগেজ কাউন্টারে এনে শুল্ক গোয়েন্দারা দেহ তল্লাশি করে। এ সময় পরিহিত অন্তর্বাসের (আন্ডারওয়্যার) ভেতরে কালো কাপড়ে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ৪৩টি স্বর্ণের বার উদ্ধার করে।
যাত্রী আনোয়ার হোসেনকে শুল্ক আইনে গ্রেফতার করা হয়েছে ও তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।





