রাজধানীর মিরপুরে হোসনে আরা (৬৫) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করে ২ লাখ টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার রাতের কোনো এক সময়ে মিরপুর ২ নম্বর সেকশানের এ ব্লকের ৩ নম্বর রোডের ৩ নম্বর বাড়ির ৭ম তলায় এ ঘটনা ঘটে।
মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইমানুর হোসেন জানান, হোসনে আরা ওই বাসায় তিন ছেলেকে নিয়ে থাকতেন।
তার ছেলেদের নাম দেলোয়ার হোসেন, পান্না, ও মো. লিটন। মিরপুর ২ নম্বরে তাদের ওয়ার্কসপের দোকান আছে। সোমবার তিন ছেলেই দোকানে ছিলেন।
তিনি জানান, সোমবার রাত ১১টার দিকে বড় ছেলে দেলোয়ার হোসেন বাসায় এসে দেখেন- বাইরে থেকে দরজা বন্ধ।
দরজা খুলে দেখেন- তার মা গলায় ওড়না দিয়ে পেচানো এবং দুই পা কাপড় দিয়ে বাধাঁ অবস্থায় পড়ে আছেন। তাদের ঘরে ২ লাখ টাকা ছিল, সেগুলো নেই।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে ২ লাখ টাকা নিয়ে গেছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এসআই ইমানুর হোসেন।
এআর





