সিলেট নগরীর তালতলায় এক দম্পতির কাছ থেকে ১ লাখ ২৮ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের তালতলা হোটেল বিলাসের সামনে এ ঘটনা ঘটে। পরে ছিনিয়ে নেয়া ভ্যানেটিব্যাগ পরিত্যক্ত অবস্থায় হাউজিং এস্টেট থেকে উদ্ধার করে পুলিশ। ছিনতাইয়ের শিকার ওই দম্পতি মির্জা জাঙ্গাল ৫৭ নম্বর বাসার বাসিন্দা।
ছিনতাইয়ের শিকার রবীন্দ্র জানান, পূবালী ব্যাংক, শেখঘাট শাখা থেকে ১ লাখ ২৮ হাজার টাকা উত্তোলন করে স্ত্রীকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে মির্জা জাঙ্গালস্থ বাসায় ফিরছিলাম। শহরের তালতলা হোটেল বিলাসের সামনে আসার পর ৪টি মোটরসাইকেলে করে ৮ জন ছিনতাইকারী এসে আমার স্ত্রীর কাছ থেকে ঝাপটা মেরে ভ্যানেটিব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। ব্যাংক থেকে তোলা সবগুলো টাকাই ওই ব্যাগে ছিল।
ছিনতাইকারীরা টাকা নিয়ে খালি ভ্যানেটিব্যাগ হাউজিং এস্টেটের রাস্তায় ফেলে রেখে যায়। ব্যাগের ভেতর থাকা ফোন নাম্বার পেয়ে এক পথচারী তাকে ফোন দেন। পরে পুলিশ গিয়ে ব্যাগ উদ্ধার করে।
লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, খালি ব্যাগ উদ্ধার করা হয়েছে। তবে এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে ছিনতাইয়ের মামলা রেকর্ড করা হবে।
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





