নেত্রকোনা সদর উপজেলার বিচিপাড়া গ্রামের আনফর আলী হত্যা মামলায় রায়ে ২ সহোদরের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ আজ সোমবার এ রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছেন বিচিপাড়া গ্রামের হাছেন আলীর ছেলে সোহেল ও জুয়েল। সোহেল পলাতক। মামলা চলার সময় হাছেন আলীর মৃত্যু হওয়ায় আদালত তাঁকে মামলার দায় থেকে অব্যাহতি দেন।
আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার আনফর আলীর সঙ্গে হাছেন আলী ও তাঁর ছেলেদের শত্রুতা চলছিল। এরই জের ধরে গত ২০০৩ সালের ৭ এপ্রিল আনফর আলী খুন হন। তাঁকে উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে হাছেন আলী, তাঁর ছেলে সোহেল ও জুয়েলকে আসামি করে ওই বছরের ৯ এপ্রিল নেত্রকোনা থানায় হত্যা মামলা করেন।
ঢাকা, ৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





