রাজধানীর কেরানীগঞ্জে অপহরণের পর চাঞ্চল্যকর শিশু অনামিকা ঘোষ (৯) হত্যা মামলায় নিম্ন আদালতের দেওয়া আসামি মানিকের ফাঁসি ও চারজনের যাবজ্জীবনের রায় বহাল রেখেছেন হাইকোর্ট।
যাবজ্জীবন প্রাপ্ত আসামিরা হলেন- জনি ঘোষ, আনোয়ার হোসেন, আলাউদ্দিন ও নুর ইসলাম মুন্সি।

মঙ্গলবার ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যার্টনি জেনারেল মনিরুজ্জামান রুবেল। আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ইউসুফ হোসেন হুমায়ন।

এর আগে ২০১১ সালের ৩১ ডিসেম্বর নিম্ন আদালত একজনের ফাঁসি ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা।
মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি কেরানীগঞ্জের সুধারাম ঘোষের নয় বছরের মেয়ে অনামিকা ঘোষকে পশ্চিম বামনসুর এলাকার স্পেসিফিক কিন্ডারগার্টেন থেকে ফেরার পথে অপহরণ করা হয়। একইদিনে অপরণের অভিযোগে কেরানীগঞ্জ থানায় মামলা করেন অনামিকার বাবা সুধারাম ঘোষ। অপহরণকারীরা পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবারের পক্ষ থেকে ২ লাখ ১০ হাজার টাকা মুক্তিপণ দেওয়া হয়। পরে একই বছরের ১ মার্চ মানিকগঞ্জের শিবালয় থানার পাটুরিয়া ঘাট ধুতরা গ্রাম থেকে অনামিকার লাশ উদ্ধার পুলিশ।