রাজধানীর আব্দুল্লাহপুর থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটি) বিভাগ।
এ সময় তাদের হেফাজত থেকে দুটি চাপাতি, ৯৬টি ডেটোনেটর, ১০টি ব্যাটারি ও বোমা তৈরির অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। রোববার রাতে পৌনে ৯টায় উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মহিবুল ইসলাম (২২), মোজাম্মেল হক ওরফে বিল্লাল (৩৪), শামীম আহাম্মদ (২৭) ও দেলোয়ার হোসেন (৩৭)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান জানান, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জেএমবির সদস্য।
তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির আদর্শ প্রচার করে আসছিল। তারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও জননিরাপত্তা বিঘ্নিতকরণসহ ধ্বংসাত্মক কার্যকলাপ করার উদ্দেশ্যে বোমা তৈরির সরঞ্জাম নিজ হেফাজতে রাখে।
তিনি জানান, গ্রেফতারদের বিরুদ্ধে উত্তরা-পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু হয়েছে। তাদেরকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এমআর





