মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় জঙ্গি আস্তানায় চালানো ‘অপারেশন ম্যাক্সিমাস’ এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোয়াটের সহযোগীতায় চালানো এই অভিযানে ৩ জঙ্গি নিহত হয়েছে।

আজ শনিবার বেলা ১২ টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি জানান, নিহতদের মধ্যে ২ জন পুরুষ ও একজন নারী।
নিহতদের মধ্যে একজন সিলেট হামলার সঙ্গে সরাসরি জড়িত বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে সোয়া ১১টার দিকে বোম্ব ডিসপোজাল টিমের সদস্যরা বাড়ির ভেতরে প্রবেশ করেছে। ভেতরে এখন সুইপিং এর কাজ চলছে। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় আলোকস্বল্পতার কারণে অভিযান স্থগিত করা হয়।

আজ সকালে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল জানান, সকাল সাড়ে নয়টার দিকে বাড়িটি ঘিরে অভিযান শুরু করেছে সোয়াট। সঙ্গে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট।
স্থানীয়রা জানান, গতকাল রাত সোয়া আটটার দিকে গুলির শব্দের পর সকাল পর্যন্ত আর কোনো শব্দ পাওয়া যায়নি। অভিযান স্থগিত ঘোষণার পরে গতকাল ওই সময় ঘটনাস্থল থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়।

উল্লেখ্য, মৌলভীবাজার পৌরসভার ভেতরে বড়হাট এলাকার আবুশাহ দাখিল মাদ্রাসার গলিতে দোতলা এই বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে গত মঙ্গলবার দিবাগত রাত থেকে ঘিরে রাখা হয়। পরদিন বুধবার ওই আস্তানা থেকে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। ৫৩ ঘণ্টা ঘিরে রাখার পর গতকাল শুক্রবার সকাল থেকে শুরু হয় সোয়াটের ‘অপারেশন ম্যাক্সিমাস’। অভিযানে পুলিশের কনস্টেবল কায়সার আহত হন।

টাইমনিউজ.নেট/ মাহমুদ