খুলনার রূপসা উপজেলায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে সারজিল রহমান সংগ্রাম (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পূর্ব রুপসার বীর শ্রেষ্ঠ রুহুল আমীন সড়কের হিমায়ন বরফ কলের (ছাদভাঙ্গা বরফ কল) অদূরে একটি চায়ের দোকানের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সংগ্রাম ব্রাইট সি ফুডস্ নামক স্থানীয় একটি চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানার কম্পিউটার অপারেটর ছিলেন।
নিহত সংগ্রাম বাগমারা গ্রামের শেখ মুজিবুর রহমানের একমাত্র ছেলে।
স্থানীয়রা জানান, বীরশ্রেষ্ঠ রহুল আমীন সড়কের ছাদ ভাঙ্গা বরফকলের সামনে দিয়ে ছুটি শেষে বাড়ি যাচ্ছিলেন সংগ্রাম। এ সময় একদল কিশোর এসে তাকে ঘেরাও করে গুপ্তি (এক প্রকার ছুরি) দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে দ্রুত পালিয়ে যায়।
জানা গেছে, কিছুদিন আগে সংগ্রামের একটি মোবাইল ফোন হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের লিডার রাহাতের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। যার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশের ধারণা।
নিহত সংগ্রামের পিতা মুজিবুর রহমান বলেন, সংগ্রাম মৃত্যুর আগে তার ওপর আঘাতকারীদের নাম বলে গেছে। এরা হচ্ছে গ্যাং লিডার রাহাত, অমিত, সাজু ওরফে সাধু ও সোহেল। সঙ্গে আরও দুইজন ছিল যাদের নাম বলার আগেই সংগ্রাম মারা যায়।
খুলনা জেলা পুলিশের এডিশনাল এসপি মো. আনিছুর রহমান জানান, দুপুর দেড়টার দিকে ব্রাইট সি ফুডসের সামনে সংগ্রামকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ২টার দিকে তার মৃত্যু হয়।
তবে প্রাথমিকভাবে হত্যার কারণ জানাতে পারেননি তিনি।
এমআর





