ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম নয়নকে দুই মামলায় গ্রেফতারের নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জের পৃথক দুইটি আদালত।
মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসিনের আদালত যৌতুক আইনের একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় নয়নকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।
অপরদিকে সম্প্রতি নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আমজাদ হোসেন স্ত্রী হ্যাপীকে নির্যাতন মামলায় নয়নকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।
এর সত্যতা নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী শাহ মাজহার জানান, ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া গ্রামের মাইনদ্দিন মিয়াজীর মেয়ে হ্যাপিকে বিয়ে করেন ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ভাবনী কোনা কাজী বাড়ীর মৃত. আপ্তাব উদ্দিন চৌধুরীর ছেলে নজরুল ইসলাম নয়ন।
বিয়ের পর তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। যার নাম রাখা হয়েছে নাবিলা আক্তার। তার বয়স এখন চার বছর।
সম্প্রতি হ্যাপীর কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করে নয়ন। কিন্তু যৌতুক দিতে অস্বীকৃতি জানিয়ে হ্যাপী আদালতে নয়নের বিরুদ্ধে মামলা করেন। এতে হ্যাপীকে হত্যা করার হুমকি দেয় নয়ন। এক পর্যায়ে ফতুল্লায় শশুর বাড়ি এসে হ্যাপীর উপর হামলা চালায় নয়ন।
ঘরের ভিতর হ্যাপীকে আটক করে এলোপাথারী বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। এসময় হ্যাপী জ্ঞান হারালে মৃত ভেবে নয়ন পালিয়ে যায়। এঘটনায় হ্যাপী আরেকটি মামলায় দায়ের করেন।
এমএনজে





