এসএম নুরুল ইসলাম নামে সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তাকে ডিবি পরিচয়ে অপহরণকালে এক জনকে আটক করেছে পুলিশ।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার ইসলামী ব্যাংক থেকে ওই কর্মকর্তা ২ লাখ টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে তাকে অপহরণের চেষ্টা চালায় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ওই কর্মকর্তা শহরের সুপার মার্কেট এলাকায় আসার পর ডিবি পরিচয়ে ৫/৬ সদস্যের একটি দল মাইক্রোবাসে তুলে নিয়ে যায় তাকে।

নুরুল ইসলাম জানান, অপহরণকারীরা গামছা দিয়ে তার মুখ ও চোখ বেঁধে হাতকড়া পরিয়ে মাইক্রোবাসের ভেতরে শারীরিকভাবে লাঞ্চিত করে এবং সঙ্গে থাকা ২ লাখ টাকা ছিনিয়ে নেয়।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস জানান, ঘটনার পরপর প্রত্যক্ষদর্শীরা থানায় বিষয়টি অবগত করলে পুলিশ ওই মাইক্রোবাসের পিছু নেয়। পরে শহরের উপকন্ঠ সিপাহীপাড়া চৌরাস্তায় ব্যারিকেড দিয়ে ট্রাফিক পুলিশের সহায়তায় মাইক্রোবাসটি গতিরোধ করা হয়। এ সময় গাড়িতে থাকা অপহরণকারীরা পালিয়ে যাওয়ার সময় মিন্টু নামে
একজনকে আটক করে পুলিশ।

তিনি আরও জানান, আটককৃত মিন্টুকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। অপহরণকারীদের সবাই ডিবি পুলিশের পোশাক পরিহিত ছিলেন। ব্যাংক কর্মকর্তা নুরুল ইসলামকে আহত অবস্থায় গাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ