সুনামগঞ্জের তাহিরপুর জয়নাল আবেদীন কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি ওয়াহিজদুজ্জামান শিপলু হত্যা মামলায় সাবেক ওসি শরিফ উদ্দিনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বাবু প্রণয় কুমার দাশ এ রায় প্রদান করেন। এসময় ছয় আসামিকে খালাস দেয়া হয়েছে।

মামলায় খালাস প্রাপ্ত আসামিরা হলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, তাহিরপুর থানার সাবেক এসআই রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা জুনাব আলী, ছাত্রদল সভাপতি মেহেদী হাসান উজ্জল, সাবেক ছাত্রদল কর্মী শাহিন, শাহজাহান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ড. খায়রুল কবীর রুমেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

আদালত ও মামলার সূত্রে আরও জানা গেছে, ২০০২ সালের ২০ মার্চ তাহিরপুর উপজেলার হাজী জয়নাল আবেদীন মহাবিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান শিপলুকে গুলি করে হত্যা করা হয়।

এ ব্যাপারে নিহতের মা আমিরুন্নেছা বেগম বাদী হয়ে ২৩ মার্চ ঘটনার তিন দিন পর সুনামগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আসামি করা হয় ওসি শরিফ উদ্দিন, এসআই রফিক ও তৎকালীন সময়ে উপজেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান কামরুল ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুনাব আলী, ছাত্রদল কর্মী শাহিন, শাহজাহানসহ ৭জনকে।

এমএ