রাজধানীর এলিফ্যান্ট রোডের প্রাইম ব্যাংকের একটি এটিএম বুথ থেকে অবৈধভাবে টাকা তোলার সময় এক চীনা নাগরিককে আটক করা হয়েছে। তার নাম জো জেইন লি (৩৮)।

বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে তাকে আটক করা হয়।

নিউমার্কেট থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই চীনা নাগরিক এলিফ্যান্ট রোডের প্রাইম ব্যাংকের একটি এটিএম বুথ থেকে ৩/৪টি কার্ড ব্যবহার করে টাকা উত্তোলনের চেষ্টা চালায়। এ সময় র‌্যাব তাকে আটক করে।

তবে, র‍্যাবের হাতে আটক হওয়ার আগেই লি তার কাছে থাকা কার্ড ব্যবহার করে অবৈধভাবে ৬৬ হাজার টাকা তুলেন। 

এর আগে, টাকা তোলার সময় এই চাইনিজ নাগরিকের গতিবিধি সন্দেহজনক মনে হলে বুথের সিকিউরিটি গার্ড দুলাল র‍্যাবকে অবহিত করলে র‍্যাব-২ এর সদস্যরা তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে লি কে আটক করে।

তিনি আরও জানান, চীনা নাগরিক জো জেইন লি র‌্যাবের হেফাজতে রয়েছেন। তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমবি/কেবি