পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা খ্রিস্টান ব্যবসায়ী রনজিত রোজারিওকে হত্যা প্রচেষ্টা মামলার প্রধান আসামি বাদশাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত বাদশা জেলার চাটমোহর উপজেলার নেংড়ি রামকৃষ্ণপুরের মৃত আবেদ আলীর ছেলে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার ঢাকায় একটি চায়ের দোকান থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তিনি জানান, গ্রেপ্তারকৃত বাদশা ওই মামলার প্রধান আসামি। ওসি সুব্রত বলেন, গ্রেপ্তারকৃত বাদশাকে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

উল্লেখ্য, ২৯ মে রোববার রাত ১০টার দিকে চাটমোহরের ফৈলজানা খ্রিস্টান পল্লীর ব্যবসায়ী রনজিত রোজারিও এর ওপর সশস্ত্র হামলা করে বাদশাসহ তার অপর সহযোগিরা। রনজিত রোজারিও ওই পল্লীর মৃত জজ রোজারিও ছেলে। পেশায় তিনি সার ব্যবসায়ী।

এফএফ